রাজধানীতে পৃথক ঘটনায় দুইজন নিহত, আহত ৩

রাজধানীর তেজগাঁও, হাতিরঝিল ও খিলক্ষেত এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে তেজগাঁও থানাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আহতরা হলেন— হাওলাদার রিফাত (২৯), তার স্ত্রী নুরজাহান (২৭) এবং রিশাদ নামে এক শিক্ষার্থী।

আরেক ঘটনায় শনিবার দিবাগত রাতে হাতিরঝিল ব্রিজের ওপর বিকল হয়ে পড়ে ইউসুফ আলীর (৩৫) সিএনজি অটোরিকশা। সেখানে দাঁড় করিয়ে মেরামতের সময় আরেকটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে নিহত হন ইউসুফ আলী। 

তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাটাজোড়া গ্রামে। বাবার নাম ইদ্রিস আলী। বর্তমানে কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকায় থাকতেন।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ রাকিব (২৮)। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম।। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।