নারীদের স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ‘ইনার হুইল ক্লাব অব অগ্রদূত, ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটি বন্ধুত্ব, সেবামূলক কার্যক্রম ও আন্তর্জাতিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
গত সপ্তাহে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কামরুন নাহার শিউলী এবং বিদায়ী সভাপতি শাহিনা হাসানের উপস্থিতিতে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সদস্যরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আনজুমান নাহার ও মাহুয়া আহমেদ। এ ছাড়া কোষাধ্যক্ষ আনজুমান আক্তার বেলী, সম্পাদক মৃদুলা রশীদ, আন্তর্জাতিক সেবা সংগঠক (আইএসও) সাবরিনা সাদাত এবং করেসপন্ডেন্ট এলিজা পারভীন দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামিম খান্দাকার নবনির্বাচিত কমিটির সদস্যদের কলার পরিয়ে দেন। তিনি অসহায় মানুষ, বিশেষ করে নারীদের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক কাওসার জাহান ফারিদা। রোটারি পরিবারের সহযোগী সংগঠন ইনার হুইল আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের অংশ।