কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬৪)।
রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সুসম্পর্ক রয়েছে। স্থানীয় জনগণ বিজিবির ওপর আস্থা রাখে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করে।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।