কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে নিচে পড়ে গুরুতর আহত হওয়া সেই বন্য মা হাতিটি শেষ পর্যন্ত মারা গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ের নরম মাটি থেকে পা পিছলে প্রায় ২০০ ফুট গভীর ঢালে পড়ে গিয়ে হাতিটি মারাত্মক জখম হয়েছিল।
রবিবার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বনের এই নিরীহ প্রাণীটির মৃত্যু হয়। এর আগে গত ১১ জুলাই শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের একটি পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলের মাটি অত্যন্ত নরম ও পিচ্ছিল হয়ে পড়েছিল। গতকাল শনিবার বিকেলে বন্য মা হাতিটি পাহাড়ের চূড়ায় লতাপাতা খাওয়ার সময় হঠাৎ পা পিছলে প্রায় ২০০ ফুট নিচে গভীর ঢালে পড়ে যায়। ওপর থেকে নিচে আছড়ে পড়ার কারণে হাতিটি মেরুদণ্ড ও পায়ে প্রচণ্ড আঘাত পায়, যার ফলে সে আর উঠে দাঁড়াতে পারেনি। পাহাড়ে হাতির আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে হাতিটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান শুরু করে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকালে হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় আহত হাতিটিকে সমতলে বা হাসপাতালে স্থানান্তর করা অসম্ভব ছিল। তাই আমরা চিকিৎসকদের পাহাড়ের ওপর নিয়ে গিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আঘাতের তীব্রতা বেশি থাকায় হাতিটি মারা যায়।
স্থানীয় নাইট্যাংপাড়া এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, আমরা হাতিটিকে আহত অবস্থায় ছটফট করতে দেখে বন বিভাগকে জানাই। কর্মকর্তারা এসে অনেক চেষ্টা করেছেন। আমাদের এই পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির দল যাতায়াত করে। এই মা হাতিটির এমন করুণ মৃত্যুতে আমাদের এলাকার মানুষের মন খারাপ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মৃত হাতিটির সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘আকিজ পাইপস’ এর ব্যতিক্রমী উদ্যোগ ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’