বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

টানা বর্ষণে সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়ায় জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে প্রাণহানির ঘটনাও। কয়েক দিনের ব্যবধানে পাহাড়ধসে প্রাণহানির পর এবার বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলমান দুর্যোগে এ ঘটনা বন্যাকবলিত এলাকায় শিশু নিরাপত্তা ও মানবিক সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মুশফিকুর রহিম (২১ মাস) সৌদি প্রবাসী নাছিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা খাবার খেতে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে শিশুটি বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে উঠানের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয় পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী বলেন, টানা বর্ষণ ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশের কারণে উপজেলার বহু এলাকায় এখনও পানি জমে রয়েছে। বাড়ির আঙিনা, গ্রামীণ সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। অনেক পরিবার এখনও পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।

এর আগে উপজেলার টইটং ইউনিয়নে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের দাবি, পানি দ্রুত নামানো, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং বন্যাকবলিত পরিবারগুলোর নিরাপত্তায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনও পানি রয়েছে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত