রাজধানীতে ফুটপাত থেকে অজ্ঞাত তিন লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আনন্দবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে অজ্ঞাতনামা তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ফুটপাত থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, পথচারীরা তিন ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের সবার বয়স ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে।

এসআই আল মামুন বলেন, স্থানীয় হকারদের ভাষ্য অনুযায়ী, ভবঘুরে ছিলেন এবং হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় অবস্থান করতেন তারা। তবে তাদের প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মৃত তিন ব্যক্তির নামপরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।