অর্থ আত্মসাৎ মামলা

১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে    

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

অর্থ পাচার ও প্রণোদনার ২১ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১১ আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন এনবিআরের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার ও মো. মঞ্জুরুল হক, সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও বাসুদেব পালক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আহসান উদ্দিন ২০২৫ সালের ২৩ নভেম্বর পাঁচ দেশে রপ্তানির নামে সাড়ে ১৮ কোটি টাকা পাচার ও  প্রণোদনার ৩ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ কাস্টমস কর্মকর্তাসহ ২৬ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানি দেখিয়ে দো এম্পেক্স লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অনুকূলে প্রায় ১৮ কোটি টাকা ব্যাংকে জমা দেয়। এ ছাড়া ৩৪টি রপ্তানি চালানের মূল্য বাবদ প্রণোদনা হিসাবে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। তবে বাস্তবে কোনো পণ্য রপ্তানি হয়নি।

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দো এম্পেক্স লিমিটেডের মোট ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে সরকারের প্রণোদনা গ্রহণ করা হয়, যার মধ্যে ৭টি বিল অব এক্সপোর্টের বিপরীতে কৃষি জাতীয় পণ্য রপ্তানির সত্যতা পাওয়া গেলেও ৩৪টি বিল অব এক্সপোর্টের বিপরীতে কোনো পণ্যই বিদেশে রপ্তানি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত