বিএসবির খায়রুলের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী খায়রুল বাশার বাহার ও তার সহযোগীদের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রটি পারস্পরিক যোগসাজশে সাধারণ ছাত্র-ছাত্রীদের আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পাঠানো হয় এমন চটকদার বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ওই ঘটনায় গুলশান থানায় একটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়।

সিআইডি সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বড় স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা প্রকাশ ডোনার নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট ও নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং রাজধানীর আজিজ সড়কে জি+৭তলা ও জি+৬তলা বিশিষ্ট ২টি বাড়িসহ তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে ৩৪৮২.৫ শতাংশ জমি ক্রয় করে, যার দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।