রথযাত্রা কেন্দ্র করে নিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে নিিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসব সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

গতকাল রবিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত রথযাত্রা উপলক্ষে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ১৬ জুলাই অনুষ্ঠিতব্য রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, মহানগরীর রথযাত্রায় জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ডিএমপির পক্ষ থেকে নিিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা এবং সার্বক্ষণিক যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয়, রথযাত্রার নিরাপত্তায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিবি সদস্য, সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রার সঙ্গে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। রথযাত্রার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করি।