প্রেমিকার ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

বিউটি আক্তারের বাড়ি ময়মনসিংহ জেলায়। একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামের বাসিন্দা মামুন ভুঁইয়া  বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী। তারা পূর্বপরিচিত। বিউটি আক্তার চিকিৎসা নিতে ঢাকায় এলে দুজনই দেখা করে কথা বলা ও সময় কাটাতেন। বিউটির স্বামী প্রবাসী। একপর্যায়ে মামুন ও বিউটির মধ্যে সম্পর্ক প্রেমে রূপ নেয়।

গত শুক্রবার বিউটি আক্তার ঢাকায় এসে এক নারী রোগীর স্বজন পরিচয়ে মহাখালী টিবি গেট এলাকার তিনতলার একটি কক্ষ ভাড়া নেন। বাসায় ওঠার সময় বিউটি বলেছিলেন, শনিবার সকালে তার স্বামী মামুন আসবেন। শনিবার সকালে মামুন ওই বাসায় এলে  বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় বিউটি তার পেটে ও পুরুষাঙ্গে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

ছুরিকাঘাতের ঘটনা ঘটে মহাখালী টিবি গেট এলাকার ‘ছ’ ব্লকের ৮ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে।

ওই বাড়ির মালিক সুমন মাহমুদ জানান, ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের জন্য তিনি বাড়ির তৃতীয় ও নিচতলার কক্ষ গেস্ট হাউজ হিসেবে দিন চুক্তিতে ভাড়া দেন। গত শুক্রবার রাতে বিউটি আক্তার তিন তলার একটি কক্ষ ভাড়া নেন। তিনি বলেন, শনিবার দুপুরে মামুন নামের ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে দ্বিতীয় তলায় আমার শাশুড়ির বাসায় ঢুকে সাহায্য চান। এ সময় তার পেছনে পেছনে বিউটিও ছুটে আসেন। পরে বিউটিকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিউটিকে আটক করে। অন্যদিকে আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

বনানী থানার ওসি তদন্ত মেহেদি হাসান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।