মিরপুরের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে জামায়াত আমির

ভোগান্তিতে পড়া স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নিতে রাজধানীর মিরপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গতকাল রবিবার বিকেলে মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় বিভিন্ন সড়ক ও গলিতে নাগরিকদের খোঁজ নেন। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, অল্প বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে মানুষ ঠিকমতো চলাচল করতে পারছে না এবং নানাভাবে দুর্ভোগে পড়ছে। এটি দীর্ঘদিন ধরে এই সংকট চলে আসছে, কিন্তু এখনো এর স্থায়ী সমাধান হয়নি।

তিনি বলেন, এলাকার ড্রেনেজ ব্যবস্থায় গুরুতর ত্রুটি রয়েছে। সঠিক পরিকল্পনার অভাব এবং রক্ষণাবেক্ষণের দুর্বলতার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে, অতিবৃষ্টির কারণে গতকাল পানিবন্দি রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকা পরিদর্শন করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার বিতরণ করেন।