বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১৩ জুলাই ২০২৬ তারিখের (সোমবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।
এতে বলা হয় অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সূত্র মতে, বিগত কয়েক দিন ধরে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর নানা স্থানে। বেশকিছু বিভাগে ক্লাস বাতিল করেছেন শিক্ষকরা। অনাবাসিক শিক্ষার্থীরা পড়েন অধিক ভোগান্তিতে।