বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ডের নাম লেখা হয়েছে ঠিকই, কিন্তু মাঠের ফুটবলে কোচ টমাস টুখেলের চোখে এখন শুধুই পরবর্তী বড় চ্যালেঞ্জে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়টি বেলিংহামদের জন্য ছিল টিকে থাকার লড়াই, কিন্তু সেই লড়াইয়ে প্রাপ্তির চেয়ে ভুলই বেশি দেখছেন টুখেল। বুধবার আটলান্টায় লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের বড় মঞ্চে নামার আগে ইংলিশ ডাগআউটে তাই এখন সতর্কবার্তাটা ঠিক এমন, পারফরম্যান্সে উন্নতি না করলে মেসিদের থামানো অসম্ভব!
নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টুখেলের কণ্ঠ ছিল বেশ রুক্ষ। জয় নিয়ে উৎসব করার চেয়ে তিনি শিষ্যদের ভুলগুলো ধরিয়ে দিতেই বেশি আগ্রহী ছিলেন। টুখেল অকপটে বলেন, ‘ফলাফলটি দুর্দান্ত, আমরা শেষ চারে পৌঁছেছি। কিন্তু পারফরম্যান্সের বিচারে আমি আজকের খেলায় বিন্দুমাত্র তৃপ্ত নই। আমরা নিজেদের কাজ নিজেরাই কঠিন করে ফেলেছি। খেলায় প্রচুর টেকনিক্যাল ভুল ছিল, গতি ছিল না এবং রক্ষণভাগ ছিল অগোছালো। আজকের দিনটি আমাদের জন্য ছিল স্রেফ ভাগ্যের সহায়তা।’
টুখেলের এই কঠোর সমালোচনার ধরনকে ইতিবাচকভাবেই দেখছেন ইংল্যান্ডের কিংবদন্তিরা। অ্যালান শিয়ারার বলেন, ‘টুখেল যে এমন সাহসের সঙ্গে পারফরম্যান্সের সমালোচনা করেছেন, তার কৃতিত্ব তাকে দিতেই হবে। তিনি কোনো অজুহাত দাঁড় করাননি।’ ওয়েইন রুনিও কোচের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘মানসিকতার প্রশ্নে টুখেল শতভাগ সঠিক। ম্যাচে দীর্ঘ সময় নরওয়ে আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে, কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়দের জেদ ও চরিত্র তাদের এই জয় এনে দিয়েছে।’