সরকার গঠনের পর প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের পরিণত হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুর জেলার শিবচরের অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ভোর থেকেই মহাসড়কের দুই পাশে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়ে শিবচরের পাঁচ্চর এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় তার গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন ও ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর সাড়ে ৬টা থেকেই শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাচ্চর গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যতিক্রমী উচ্ছ্বাস। কাউকে দেখা গেছে মাথায় মাথাল দিয়ে এবং হাতে ধানের শীষ নিয়ে কৃষকের বেশে, আবার কেউ এসেছেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে জেলের বেশ ধরে। সকাল ৭টার মধ্যেই রাস্তার দু-পাশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সকাল ৭ টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর এক্সপ্রেসওয়ের পাচ্চর এসে পৌঁছালে অপেক্ষমাণ জনতা সমস্বরে স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে নির্বিঘ্ন করতে শিবচর অংশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা ছিল।