শয়নকক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে ঘরের শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পাহাড়পুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন ওই এলাকার লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০)।

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ জানান, ছেলে ও মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন তারা। ভোর প্রায় ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান তারা। ঘরের দরজা খুলে ভেতরে স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর পাঠালে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত দুজনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নিহত দম্পতির ছেলে মুক্তার অনলাইন জুয়ায় আসক্ত। তবে এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।