বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের বিকল্প নীল জার্সি মাত্র একবারই পরেছে—ডালাসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের সময়। তবে আটলান্টায় ইংল্যান্ডের সঙ্গে মহারণের আগে আর্জেন্টিনা দল ফিফার কাছে একটি বিশেষ আবেদন করেছে।
আর্জেন্টিনা দল ফিফার কাছে অনুরোধ করেছে যেন বুধবারের ম্যাচে তাদের চিরাচরিত আকাশী-সাদা হোম জার্সির পরিবর্তে বিকল্প নীল জার্সি পরে খেলার অনুমতি দেওয়া হয়। আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এদু এক্স-এ (টুইটার) জানান, “ইংল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলার আবেদন করেছে আর্জেন্টিনা।” তবে সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি; মঙ্গলবার টেকনিক্যাল মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।
আর্জেন্টিনা কেন এই আবেদন করেছে, তা নিয়ে অফিশিয়াল কোনো মন্তব্য না করা হলেও, এর পেছনে রয়েছে লাতিন পরাশক্তিদের ফুটবল সংস্কৃতির চিরন্তন অন্ধবিশ্বাস।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৩ বারই নক-আউট পর্বে। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ২টি।১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল: ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত "গোল অব দ্য সেঞ্চুরি" ও ২-১ ব্যবধানে জয়। ১৯৯৮ বিশ্বকাপ শেষ ১৬: নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতার পর পেনাল্টি শুটআউটে জয়।
মজার ব্যাপার হলো, এই দুটি ঐতিহাসিক জয়েই আর্জেন্টিনা আকাশী-সাদোর বদলে তাদের বিকল্প গাঢ় নীল জার্সি পরে মাঠে নেমেছিল। অন্যদিকে, ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের নিয়মিত আকাশী-সাদা জার্সি পরে খেললে ইংল্যান্ড (লাল জার্সি পরা) সেই ম্যাচে জয়ী হয়।