চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যায় পানিবন্দি মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া ও পশ্চিম বরৈয়া গ্রামের ২০০ বন্যার্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌসুর রহমান।
এ সময় তিনি বলেন, বন্যাকবলিত এলাকার অসহায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক ও ইসলামী দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। তাই দ্রুত ত্রাণ সংগ্রহ ও বন্যার্তদের মাঝে তা পৌঁছে দিতে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মো. ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন, মো. আবছার, মো. ফারুক, হারুনুর রশিদ, ওসমান গনি ও এয়ার মোহাম্মদসহ দলীয় নেতাকর্মীরা।