ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ ছাড়ল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও মাঠ সংস্কারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বরাদ্দের অগ্রগতি না হওয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

প্রতিবাদ হিসেবে মাঠের জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ মাছ অবমুক্ত করেছেন তারা ।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে হাঁটুপানিতে ডুবে থাকা কেন্দ্রীয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে ডাকসুর প্রতিনিধি ও বিভিন্ন হল সংসদের সদস্যরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ডাকসুর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান খেলার মাঠে দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়।

ফলে নিয়মিত অনুশীলন, আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের খেলাধুলা প্রায়ই ব্যাহত হচ্ছে। কর্মসূচিতে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রায়ই বাজেট সংকটের কথা বললেও কেন্দ্রীয় মাঠের সংস্কার ও আধুনিকায়নের জন্য বিসিবি থেকে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কিন্তু সেই বরাদ্দ থাকা সত্ত্বেও মাঠের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতার কারণেই সংস্কারকাজ এগোচ্ছে না। দ্রুত জলাবদ্ধতা নিরসন করে মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করার দাবি জানান তিনি।