ঢাবিতে বিশ্বকাপ খেলা দেখানোকে ঘিরে পাল্টাপাল্টি চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল মাঠে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শন কেন্দ্র করে চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে মুখোমুখি হল সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা। গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কবি জসীম উদ্দীন হল সংসদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে ছাত্রদল। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে হল সংসদ। 

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী দাবি করেন, গত ১৬ জুন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণি মাঠ ব্যবহারের জন্য ১০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া গত ২২ জুন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ চলাকালে স্পন্সর প্রতিষ্ঠানের স্টল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং টাকা না দেওয়ায় এক কর্মীকে হল সংসদের কক্ষে আটকে রাখার অভিযোগও তুলেছে ছাত্রদল। 

তাদের দাবি, বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে হল সংসদের নেতারা বারবার অনৈতিকভাবে অর্থ দাবি করেছেন।

অন্যদিকে ফেসবুকে দেওয়া বিবৃতিতে হল সংসদের ভিপি ওসমান গণি এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, হল এলাকায় খাবারের দোকানিদের কাছ থেকে প্রতিদিন তিন হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগের তদন্ত করতেই দুই দোকানিকে হল সংসদে ডাকা হয়েছিল। কিন্তু আবাসিক শিক্ষক আসার আগেই বিভিন্ন হলের ছাত্রদল নেতারা এসে তাদের নিয়ে যান এবং প্রশাসনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রদল মাঠ ব্যবহার করেছে, বাইরের প্রতিষ্ঠান এনে স্টল বসিয়েছে এবং সেখান থেকে অর্থ আদায় করেছে।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ বলেন, ছাত্রদল খেলা দেখানোর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। ছাত্রদল প্রথমে বড় পর্দায় খেলা দেখানোর জন্য আবেদন করলেও পরে তারাই আর আয়োজন করেনি। বর্তমানে যারা বিশ্বকাপ প্রদর্শন করছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমতি নেয়নি এবং মাঠ ভাড়াও দেয়নি। তিনি জানান, বিশ্বকাপ প্রদর্শনের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরে পৌঁছায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত