অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল

অর্থনৈতিক অঞ্চলের দেশীয় প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিপিএ) পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠানোর নিয়মে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে পাঠানো যাবে, তবে এ জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩৭-এর অনুচ্ছেদ ৪৯-এ অর্থনৈতিক অঞ্চলের দেশীয় প্রক্রিয়াজাতকরণ এলাকায় পরিচালিত প্রতিষ্ঠানের রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠানোর সীমা নির্ধারণ করা হয়েছিল। বিদ্যমান বিধান পর্যালোচনা করে এখন সেই সীমার বাইরে অর্থ প্রেরণের অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।

এ ছাড়া রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি ছাড়াও এ ধরনের অন্যান্য বৈধ ব্যয়ের বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ যাই হোক না কেন, বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে।