পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল সোমবার ঢাকায় এ কথা বলেন।

তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খবর বাসস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনার) যদি আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাকে জেলে যেতে হবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে সরকার প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী অগ্রসর হবে। সেই আইন নিজস্ব গতিতে চলবে। তিনি বলেন, শেখ হাসিনা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্যের বিষয়ে সরকারের বিবেচনা করার কিছু নেই।

শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় এবং কীভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। সেটি সরকারের ব্যাপার নয়। যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিবৃতির বিষয়ে সরকারের কোনো কিছু বিবেচনা করার নেই।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সরকার ইতিমধ্যে ভারতকে অনুরোধ জানিয়েছে এবং তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পর আইনি প্রক্রিয়াই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি এ বক্তব্যকে আত্মগোপনে থাকা বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন।

প্রতিমন্ত্রী জানান, তিনি মনে করেন শেখ হাসিনা আত্মসমর্পণ না করে বিদেশে বসে যে বক্তব্য দিচ্ছেন, তা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পালিয়ে আছেন বা লুকিয়ে আছেন, তাদের চাঙা করার জন্য, উজ্জীবিত করার জন্য বলেছেন। এ ছাড়া অন্য কোনো কারণ প্রতিমন্ত্রী দেখছেন না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা কোথায় এবং কখন আত্মসমর্পণ করবেন, তা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। তবে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া সরকারের দায়িত্ব।