দেশের চলমান বন্যাপরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোলরুম) চালু করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুসারে, রাজধানীর বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত কন্ট্রোলরুমটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। তবে জরুরি পরিস্থিতিতে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ জন্য কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ ও মোবাইল নম্বর ০১৭৩৯-০০০২৯৩-এ ফোন করে সরাসারি বিদ্যুৎসংক্রান্ত অভিযোগ করা যাবে।
নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনার দায়িত্বে ১৯ কর্মকর্তা-কর্মচারীকে নিয়োজিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে দেশের কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘœ বা অন্য কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে নিজ উদ্যোগে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রত্যেকটি বিতরণ কোম্পানি পৃথকভাবে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। পিডিবি তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনকারী উপমহাব্যবস্থাপক রুকন উদ্দিন মোবাইল নম্বর ০১৮৩৩৩১১০৯৫ এবং চট্টগ্রাম অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম জসীম উদ্দিন মোবাইল নম্বর ০১৭৭৭৭৬০০২৯।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কেন্দ্রীয়ভাবে পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধর মোবাইল নম্বর ০১৬৭৪৭২৩০৩০ এবং টেলিফোন নম্বর ০২-৯৮০০১২৯ কে দায়িত্ব দিয়েছে।