ব্যাংককের পানশালায় আগুনে ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। বিবিসি জানিয়েছে, গত রবিবার গভীর রাতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পানশালার প্রধান দরজাটি দাউ দাউ করে জ্বলছে, মানুষজন দৌড়াচ্ছেন, কেউ কেউ চিৎকার করছেন এবং কয়েকজন পড়েও যাচ্ছেন। কমপক্ষে দুজনকে আগুনে পুড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানশালার স্টেজের কাছ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুথিন চার্নভিরাকুল ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ২৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আগুনের কারণ এখনো তদন্তাধীন রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস প্রায় আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

থাইল্যান্ডে এ ধরনের দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগের বিভিন্ন দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য সরকারিভাবে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে বাস্তবে সেগুলোর তেমন কোনো প্রয়োগ হয়নি বলে অভিযোগ আছে।