এ ক  ন জ রে

উরুগুয়ের কোচ ফোরলান

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ডিয়েগো ফোরলান। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) সভাপতি ইগনাসিও আলোনসো জানান, ২০২৭ সালের মার্চ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এ তারকা। বিশ্বকাপে দলের ব্যর্থতার পর মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে উরুগুয়ে। এরপর ফোরলানকে অন্তর্বর্তী কোচ হিসেবে বেছে নিয়েছে তারা। তবে মার্চের পর তার ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বছরের শেষ দিকে এইউএফের নির্বাচন থাকায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাচ্ছে না ফেডারেশন।

বিপাকে সাবেক প্রধানমন্ত্রী

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন-ফ্রান্স লড়াইয়ের আগে রাজনৈতিক বিতর্কে জড়ালেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্স জাতীয় দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’Ñ এমন মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এটিকে ‘বিদেশবিদ্বেষী’ মন্তব্য বলে অভিহিত করেন। ফরাসি রাজনীতিকরাও রাজয়ের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, দলের ২৬ খেলোয়াড়ের মধ্যে ২৩ জনই ফ্রান্সে জন্মেছেন। ফরাসি ফুটবল ফেডারেশনও মন্তব্যটিকে বর্ণবাদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে।

আলোচনা ছাড়াই সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ‘দ্য সানডে টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার ১৮ সদস্যের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একাই এই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে কমিটির অন্য সদস্যদের মতামত নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত তিন সদস্যের প্যানেল চূড়ান্ত করলেও বালোগুনের ক্ষেত্রে এই প্রক্রিয়া মানা হয়নি। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ভিএআরের পরামর্শে পাওয়া লাল কার্ডের পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।

বাজিতে হেরে পরিবর্তন

বিশ্বকাপের উন্মাদনায় এবার আলোচনায় এসেছে দুই বিমান সংস্থার মজার এক বাজি। ইংল্যান্ড ও নরওয়ের কোয়ার্টার ফাইনালের আগে নরওয়েজিয়ান এয়ার ও ব্রিটিশ এয়ারওয়েজ ঠিক করে, পরাজিত দলকে ২৪ ঘণ্টার জন্য জয়ী দেশের এয়ারলাইনসের লোগো ব্যবহার করতে হবে। ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় নরওয়ে। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো যুক্ত করে নরওয়েজিয়ান এয়ার। এই প্রচারণায় যুক্ত হয় আরও কয়েকটি বৈশ্বিক এয়ারলাইনস। পরে যুক্তরাজ্য-নরওয়ে রুটে বিশেষ ছাড়ও ঘোষণা করে সংস্থাটি।