টি-টোয়েন্টিতেও চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের

পাঁচ বছর পর তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। একমাত্র টেস্ট আড়াই দিনে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। যদিও শেষ ম্যাচে জয় পাওয়ায় এবার টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সফরকারীরা। তবে স্থানীয় আবহাওয়া চ্যালেঞ্জ জানাবে তাওহীদ হৃদয়দের। সে দেশে গিয়ে দুই সপ্তাহের বেশি সময় হারারেতে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটি হয়। তবু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য বুলাওয়েতে গেছে দল। এই শহরে একই ধরনের আবহাওয়া হলেও বাতাসের কারণে বাড়তি চ্যালেঞ্জ থাকবে।

কুইনস স্পোর্টস ক্লাব মাঠে আগামীকাল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ জন্য গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষে বাংলাদেশ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন বলেন, ‘হারারে থেকে একটু ভিন্ন পরিস্থিতি এখানে। এখানকার বাতাসটা একটু বেশি।’ তবে টিম ম্যানেজমেন্টের এক সদস্য মনে করেন, ম্যাচে এসবের প্রভাব পড়বে না।

এদিকে গতকাল জুন মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে ভারতের শুভমান গিল ও নিউজিল্যান্ডের নাথান স্মিথের সঙ্গে আছেন মোসাদ্দেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওবার্তায় এই অলরাউন্ডার বলেন, ‘প্রত্যাশা নিজের ওপর অনেক বেশি। যখন ফিরে এলাম, একটা সিরিজ ভালো হয়েছে এবং পরের সিরিজে দুটা ম্যাচে ভালো করতে পারিনি। ওখান থেকে নিজের প্রতি প্রত্যাশা আরও বেড়েছে যে, আরও ভালো খেলতে হবে। দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হবে এবং দলকে জেতাতে হবে।’

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজসেরা নির্বাচিত হন মোসাদ্দেক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৭ রান করেন তিনি। তবে জিম্বাবুয়েতে নিজেকে মেলে ধরতে পারেননি। এবার টি-টোয়েন্টি সিরিজে চোখ রাখছেন তিনি, ‘নিজের লক্ষ্য থাকবে, যখনই সুযোগ পাব ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করব দলের জন্য নিজের প্রভাব রাখতে এবং এমনভাবে খেলতে যেন দল জিততে পারে।’