ধর্ষণ মামলায় নিজের ম্যানেজার গ্রেপ্তার, মুখ খুললেন শ্রাবন্তী

ব্যক্তিগত ব্যবস্থাপক অর্ঘ্য মুখোপাধ্যায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী জানান, অর্ঘ্যের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। পাশাপাশি ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না বলেও স্পষ্ট করেন। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হাওড়া আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রাবন্তী লেখেন, ২০২৪ সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়। ‘ট্যালেন্টওয়ালা’ নামে একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান তার বিভিন্ন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্ব পালন করত। সম্প্রতি তিনি জানতে পেরেছেন, ওই ব্যক্তি একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। এ খবর তাকে গভীরভাবে বিচলিত করেছে। 

তিনি আরও জানান, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চান না। এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকেও জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারীও একই প্রতিষ্ঠানটির কর্মী। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের সূত্রে তিনি অর্ঘ্য মুখোপাধ্যায়ের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। 

পরে গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং আদালতে হাজির করার পর তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।