সংসদে শিক্ষামন্ত্রী

খুব শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে

খুব শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হলে প্রধান শিক্ষকের শূণ্য পদসমূহ পূরণ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

খায়রুল কবির খোকন জানতে চান, (ক) বর্তমানে ৩৪ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এই পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে; (খ) শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হওয়ার কথা, বাস্তবে এই নীতিমালা মানা হয় কিনা?

জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৭৩/২০২৩ এর মামলাটি সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। খুব শিগগিরই প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রদান করা হবে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হলে প্রধান শিক্ষকের শূণ্য পদসমূহ পূরণ হবে।

পূর্বে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। নতুন বিধিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। নতুন বিধিমালা তৈরি হওয়ার পর মামলাজনিত কারণে পদোন্নতি কার্যক্রম স্থগিত ছিল। মামলাটি নিষ্পত্তি হওয়ায় এখন নীতিমালা অনুযায়ী ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।