সিরাজগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাতিয়াদিগর গ্রামের হানিফ ফুড ভিলেজ হোটেলের সামনে ঢাকা -রংপুর মহাসড়কের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় ওই বাসের যাত্রী অভিনব কায়দায় খেলনা গাড়ীর টায়ারের ভিতরে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজার-টেকনাফের মাদক কারবারি রবিউল আলম (৩০)কে আটক করে।
মঙ্গলবার(১৪ জুলাই) সিরাজগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবর রহমান (খ-সার্কেল) বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।