সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্ধণগাছা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা(২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখার সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্ধণগাছা রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উল্লাপাড়া উপজেলার বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
এ প্রসঙ্গে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিহত রুবেল মোল্লার দাদা সানোয়ার হোসেন বলেন, এ দিন সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ খেলা দেখছিলো। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পারেননি তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অভিযোগ না থাকলে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।