ভারতসহ পাঁচ দেশের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রে

রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত বিলে ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। সূত্র সিএনএন। 

মঙ্গলবার (১৪ জুলাই) ওয়াশিংটনে বিলটির বিষয়ে কথা বলেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। তিনি জানান, রাশিয়ার তেলের প্রধান পাঁচ ক্রেতা দেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে সীমিত পরিসরে ছাড় দেওয়ার সুযোগও থাকবে। 

প্রস্তাবিত বিলে রাশিয়ার তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি, প্রতিরক্ষা, আর্থিক ও শিল্প খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার কথাও উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হোয়াইট হাউস-সমর্থিত এ বিলটি আগামী আগস্টের আগেই সিনেটে পাস হতে পারে।

এটি মূলত গত বছর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের উত্থাপিত ‘স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট’-এর সংশোধিত সংস্করণ। ওই বিলে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ছিল। তবে বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি।

মার্কিন সিনেট সূত্রে জানা গেছে, সংশোধিত নতুন বিলের পক্ষে ইতোমধ্যে ২৬ জন সিনেটর সমর্থন জানিয়েছেন। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে শুল্কনীতি নিয়ে এর আগে আদালতে একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল, জাতীয় জরুরি অবস্থার আইনের আওতায় বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা কিছু আমদানি শুল্ক আইনসম্মত নয়। এরপর প্রশাসন সাময়িকভাবে ১০ শতাংশ শুল্ক কার্যকর করলেও সেটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে।

এর মধ্যেই রাশিয়ার জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে উচ্চহারে শুল্ক আরোপের উদ্যোগ নিল ওয়াশিংটন।