প্রথম টি-টোয়েন্টিতে মিরাজের পথেই হাঁটলেন হৃদয়

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ভরাডুবি হয় বাংলাদেশের। হারের কন্ডিশন আর উইকেটের ধরণ বিবেচনায় ওয়ানডে সিরিজের ৩ ম্যাচেই টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী অধিনায়ক মেহেদী হাসান কিরাজ। যদিও খুব বেশি সুবিধা হয়নি। শেষ ম্যাচ জিতলেও আগের দুটি হেরে সিরিজ হাতছাড়া করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। বুলাওয়েতে আজও টস জিতেছে বাংলাদেশ দল। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় মিরাজে পথেই হাঁটলেন। আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে একাদশেও ফিরেছেন ইয়াসির আলী। 

টি-টোয়েন্টিতেও দুই দলের বিস্তর ফারাক। শক্তিমত্তা বা বর্তমান অবস্থানে ঢের এগিয়ে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে যেখানে হৃদয়ের অবস্থান ৮ নম্বরে, সেখানে জিম্বাবুয়ে আছে ১২ নম্বরে। তবে এবারের সফরে এসব খাতা-কলমের হিসাব মিলছে না। অথচ সম্প্রতি এই দুই সংস্করণে ধারাবাহিক সাফল্য নিয়েই ৫ বছর পর সে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে দুটি সিরিজ হাতছাড়া হয়েছে হৃদয়দের। এবার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরতে চান তারা। 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও স্পষ্ট এগিয়ে বাংলাদেশ। শেষ চার সিরিজের তিনটি জিতেছে দলটি। সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারান হৃদয়রা। এখন পর্যন্ত দুই দলের ২৫ বারের লড়াইয়ে ১৭টি জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের জয় ৮টি। কিন্তু এবার পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন স্বাগতিকরা। এই লাগাম টেনে ধরতে নামছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ও নাহিদ রানা।