জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা দিয়েছেন ৩৫ বিজিবি।
বুধবার (১৫ জুলাই) বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে জামালপুর ৩৫ বিজিবির আয়োজনে দিনব্যাপী প্রায় ৬ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান, টু আই সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবায় এগিয়ে আসায় স্থানীয়রা সন্তুষ্ট প্রকাশ করেন।
এ সময় বিজিবির মেজর উর্মিসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অসহায়দের চিকিৎসাসেবা প্রদান করেছে।
স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সামাজিক কাজে বিজিবির পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে অসহায় মানুষগুলো উপকৃত হবে।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এই জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কাজের অংশ হিসেবে বিজিবি মানুষের পাশে থেকে কাজ করে যাবে।