চট্টগ্রাম

জলদস্যুরা একদিন ডাঙায় আসবেই, তথ্য দিন—ব্যবস্থা নেব: এসপি মাসুদ

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেছেন, ‘উপকূলের মানুষ মাছ ধরতে গিয়ে জলদস্যু ও ডাকাতদের কবলে পড়েন। সমুদ্রে আমাদের পুলিশ না থাকলেও কোস্ট গার্ড ও নৌপুলিশ রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সমুদ্র উপকূল ঘিরে কাজ করব। জলদস্যুদের বলতে চাই, সমুদ্রে যতই ত্রাস সৃষ্টি করুন না কেন, একদিন আপনাদের ডাঙায় আসতেই হবে। তখন আইনের আওতায় আনা হবে। এজন্য স্থানীয়দের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।’

বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বন্যায় অনেকের ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সমাজের বিত্তবান মানুষ যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছেন, তেমনি পুলিশও সবসময় আপনাদের পাশে থাকবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জালাল উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দীন আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন— চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ও উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ প্রমুখ।