দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আইপিও-সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জ, আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা, আবেদনপ্রক্রিয়া, আইপিও প্রাইসিং, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় নীতি সহায়তা ও আইনগত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।
সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব এবং কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম। এ ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং পুঁজিবাজারের অন্যান্য অংশীজনদের প্রতিনিধিরা এতে অংশ নেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর আলোকে আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা কার্যক্রম এবং আইপিও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নিরীক্ষক (অডিটর), ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের ভূমিকা, দায়িত্ব এবং জবাবদিহিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যুসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান বাস্তব সমস্যা, চ্যালেঞ্জ এবং নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য সংস্কার বিষয়ে মূল্যবান সুপারিশ উপস্থাপন করেন।