আল-আরাফাহ ব্যাংকে ফিরলেন ১৪ উদ্যোক্তা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:৩৫ এএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে আগের ১৪ জন উদ্যোক্তা পরিচালককে পুনর্নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া পাঁচজন স্বতন্ত্র পরিচালক আগের মতোই দায়িত্বে বহাল থাকবেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় আগের উদ্যোক্তা পরিচালকদের কাছে পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্য যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেসব ব্যাংকের অনেক উদ্যোক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। উদ্যোক্তারা সক্রিয় থাকায় তাদের আবার পর্ষদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, পর্ষদে ফিরেছেন বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কে ওয়াই স্টিল মিলের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে উদ্যোক্তাদের মালিকানার অধিকার পুনর্বহাল হলো, অন্যদিকে স্বতন্ত্র পরিচালকদের বহাল রাখার মাধ্যমে ব্যাংকটির সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত