দেশের সামুদ্রিক খাতে আগ্রহী সৌদি আরব

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:৩৩ এএম

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এর পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ ও দুই দেশের জন্য লাভজনক বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিডা।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসা সহজীকরণে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা সৌদি আরবের কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সৌদি আরব নিজেকে বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমের বিষয়েও উঠে আসে। আল-রুমাইহ জানান, প্রতিষ্ঠানটির বাংলাদেশে পরিচালিত কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে আরএসজিটি।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহায়তার আশ্বাস দেন তিনি।

আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে যেখানে সৌদি আরবের গভীর আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খল, কোল্ড স্টোরেজ থেকে বন্দর পর্যন্ত অবকাঠামো এবং আর্থিক সেবা খাত অন্যতম।

এ ছাড়া বৈঠকে উভয়পক্ষ বর্তমান ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত