সাবেক সিনিয়র সচিব

জিয়াউল আলম হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম জিয়াউল আলমের উপস্থিতিতে এ আদেশ দেন। গত ৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। সেই অনুযায়ী এদিন জিয়াউল আলমকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে মাহবুব হাসান বিকেল সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাফরুল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে এ হত্যা মামলাটি করেন।