বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

রাজধানীর বংশাল এলাকার আলুবাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকে বংশাল থানার আলুবাজারের ‘আরমান সেলুনে’ এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সামশেদ, রাজু, পাপ্পু ও আরমান এবং গ্রাহকের মধ্যে রয়েছেন মো. ফারুক, রিনকো, রনি, জসিম, রফিক ও সাকিব।

জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় সেলুনে থাকা সবাই আগুনে দগ্ধ হন। এরপর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ হয়ে হাসপাতালে আসা ১০ জনের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকি ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত