দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯২০ জন। হাম শনাক্ত হয়েছে ১৭২ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ৯২ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৭৭১ শিশু। এর মধ্যে হামে ৯৫ এবং উপসর্গে ৬৭৬ শিশুর মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৭১ শিশু। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ১৪ হাজার ১৬৪ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ২৬০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং একজন ময়মনসিংহ বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬৫ শিশুর।