ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৯১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ রোগী। এর আগের দিন মঙ্গলবার একজনের মৃত্যু এবং ভর্তি হয়েছিলেন ৩২৯ জন। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২৬৬ জনে। মৃত্যু হয়েছে ১২ জনের। এ ছাড়া গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের। তাতে ১৫ দিনেই গত মাসের চেয়ে বেশি ভর্তি হয়েছে। আর মৃত্যু প্রায় সমান।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৭০, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২, রংপুর  বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন  ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৭০ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। আর এ বছরে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১,  জুনে ১৩ এবং জুলাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।