ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদ-প্রাপ্ত দুই আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুল মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়া। এদেও মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত আসামি মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সিদ্দিক মিয়া পলাতক রয়েছেন।
ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, দ-প্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। উপস্থিত আসামিদের সামনে আদালত এ রায় ঘোষণা করে।
মামলার নথি সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা। এ ঘটনায় নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে পরদিন ভালুকা থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।