সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা ও উল্টোরথযাত্রা উৎসব হয়। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনের এ উৎসবের আয়োজন করা হয়েছে। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মান্ড। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথদেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।
আজ সকাল ৮টায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুর ১টায় আলোচনা সভা শেষে বেলা ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ৩টায় মন্দির থেকে জগন্নাথদেবের রথযাত্রা বের হবে। এরপর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হবে। ২৫ জুলাই বিকেলে একই পথে উল্টো রথের শোভাযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।