গাজীপুরের কালিয়াকৈরে এক রাতে একটি কবরস্থান থেকে ৮টি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর এলাকার টেকিবাড়ি চাঁনপুর কবরস্থান থেকে এসব মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটে। এর আগেও সেসব চুরি যাওয়া মানবকঙ্কাল উদ্ধার এবং চোর চক্রের কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি বলেও অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকায় টেকিবাড়ি চাঁনপুর কবরস্থান নামে একটি কবরস্থান রয়েছে। শুধু ওই এলাকারই নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে ওই কবরস্থানে রাখেন এলাকাবাসী।
কিন্তু আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ওই কবরস্থানের পাশে আগাছা পরিষ্কার করতে যান পরিচ্ছন্নতাকর্মীরা। এসময় তারা কবরস্থানের ভেতরে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটির লোকজনকে জানালে ঘটনাস্থলে গিয়ে ৮টি কবর খোঁড়া দেখতে পান। কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল ছিল না। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব কবর থেকে মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালের মধ্যে তিনটি পুরুষের ও পাঁচটি নারীর কঙ্কাল ছিল। মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা বিষয়টি দেখতে ওই কবরস্থানে ছুটে আসেন। কবর খোঁড়া ও মানবকঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফাঁকা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয় এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগেও থানার পাশের শ্রীফলতলী, আশাপুরসহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে বেশ কয়েকটি মানব কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু পুলিশ সেসব চুরি যাওয়া মানবকঙ্কাল উদ্ধার এবং চোর চক্রের কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি বলেও অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। তবে এ ঘটনার রহস্য উদঘাটন, চুরি যাওয়া মানবকঙ্কাল উদ্ধারের চেষ্টা ও এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মিন্টু।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় কাজ। তবে প্রকৃত ঘটনা উদঘাটন দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।