গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান

দুই অবৈধ ফিস ও পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

বিএসটিআইয়ের লাইসেন্স (মান সনদ) গ্রহণ না করে অবৈধভাবে ফিস ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির অপরাধে গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

 সোমবার (১৩ জুলাই) অভিযানে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লি. এ তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয় ও বিতরণ করছে। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে উপজেলার ভান্নারা এলাকায় অবস্থিত কৃষিপণ্য ফিডস লি. এ তল্লাশি চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বস্তায় পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে একই আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উভয় প্রতিষ্ঠানকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য আবেদন করার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে গাজীপুর জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন, প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

এ সময় বিএসটিআই, গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস. এম. তালাত মাহমুদ এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমান সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত