অনাদায়ী ঋণের বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

অনাদায়ী ঋণ আদায় এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতারা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ সমন্বয়ের সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, দেশের অর্থনীতিতে বিভিন্ন নিয়ন্ত্রণবহির্ভূত কারণে অনেক ব্যবসা, শিল্প ও প্রকল্প বন্ধ হয়ে গেছে বা লোকসানিতে পড়েছে। ফলে নিয়মিত প্রক্রিয়ায় এ সব ঋণ আদায় কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় শ্রেণিকৃত ঋণ কমানো এবং ফাইন্যান্স কোম্পানিগুলোর তারল্য পরিস্থিতির উন্নয়নে বিশেষ এক্সিট সুবিধা চালু করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, ৩০ জুন ২০২৬ ভিত্তি তারিখে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এ সুবিধা দেওয়া যাবে। তবে ঋণগ্রহীতাকে এককালীন পুরো দায় পরিশোধ করতে হবে এবং মূল ঋণ (আসল) কোনোভাবেই মওকুফ করা যাবে না। প্রয়োজন হলে যাচাই-বাছাই শেষে কেবল সুদ মওকুফ করা যাবে। এ সুবিধা জালিয়াতি, প্রতারণা বা ঋণের অর্থ অন্য খাতে সরিয়ে নেওয়া (ফান্ড ডাইভারশন) সংক্রান্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ছাড়া ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পুনঃতফসিল করা মন্দ ও ক্ষতিজনক ঋণও এ সুবিধার আওতায় আসবে।