সুদহার ১০ শতাংশ রাখার পরামর্শ আইএমএফের

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে আর্থিক স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংককে নীতিগত সুদহার ১০ শতাংশে রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বাংলাদেশ ও আইএমএফের মধ্যে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও এখনো আনুষ্ঠানিক আলোচনা (নেগোসিয়েশন) পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার পাঁচ দিনের আইএমএফ স্টাফ ভিজিট মিশনের (১২-১৬ জুলাই) সমাপনী বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

জানা গেছে, সমাপনী দিনে বাংলাদেশ ব্যাংকে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আইএমএফ প্রতিনিধিদলের ফলো-আপ সেশন, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্লোজিং মিটিং (স্টাফ প্রেজেন্টেশন) এবং পরে গভর্নরের সঙ্গে প্রতিনিধিদলের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আরিফ হোসেন খান বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে আইএমএফের কোনো ঋণ কর্মসূচি কার্যকর নেই। নতুন নির্বাচিত সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতার আলোকে আইএমএফের সঙ্গে নতুন কোনো কর্মসূচিতে যাবে কি না, সে বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এটি কোনো কনসালটেশন মিটিং নয়, কোনো নেগোসিয়েশন মিটিংও নয়। এটি মূলত একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন। প্রতিনিধিদল দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, তথ্য-উপাত্ত ও বাস্তব অবস্থা মূল্যায়নের জন্য বাংলাদেশ সফর করেছে। তিনি জানান, সফরকালে প্রতিনিধিদল ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা, মুদ্রানীতি, বিনিময় হার, রাজস্বনীতি ও আর্থিক নীতিসহ (ফিসকাল পলিসি) বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছে। একক ঋণ কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফ-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংকই সমন্বয় করে। ফলে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানই সরকারের সিদ্ধান্ত হয়। এর আগে আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় একাধিক অর্থবছরে বড় রকমের অর্থায়ন পেয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক সংকট সামাল দিতে কয়েক দফা আলোচনা শেষে ২০২৩ সালের প্রথম দিকে ৪৭০ কোটি (৪ দশমিক ৭০ বিলিয়ন) ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত