সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক রূপকথার জয়ের পর এবার মাঠের বাইরে কিছুটা বিপাকে পড়েছে আর্জেন্টিনা দল। রবিবার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সেই ফাইনালের ভেন্যু নিউ জার্সিতে পৌঁছানোর আগেই বিমান বিভ্রাটে পড়েছেন লিওনেল মেসি ও তাঁর দল।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলেই আর্জেন্টিনার নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু আটলান্টার বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে তাদের নির্ধারিত ফ্লাইটটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে লিওনেল মেসি, কোচিং স্টাফ এবং স্কোয়াডের বাকি সদস্যরা বেশ কিছু সময় আটলান্টায় আটকে থাকেন।
পরবর্তীতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনি দেরিতে বিমান উড্ডয়নের সবুজ সংকেত মিললে খেলোয়াড়রা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।
নিউ ইয়র্কের বাতাস নিয়ে নতুন উদ্বেগ
শুধু আটলান্টার ঝড়ই নয়, ফাইনালের ভেন্যুর কাছাকাছি শহর নিউ ইয়র্কের বাতাস নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কানাডার দাবানলের কারণে নিউ ইয়র্কের আকাশে বিষাক্ত ধোঁয়া ও কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে জনসাধারণের জন্য স্বাস্থ্য ও বায়ুমান সংক্রান্ত সতর্কতা জারি করেছে। এটি ফাইনালের আগে খেলোয়াড়দের শারীরিক কন্ডিশনে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট কিছুটা চিন্তিত।
ফাইনালের গুরুত্ব বিবেচনা করে ফিফা এবার মিডিয়া ও অনুশীলনের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে। সাধারণত ম্যাচের আগের দিন (শনিবার) সংবাদ সম্মেলন ও অনুশীলন হলেও, এবার তা একদিন এগিয়ে শুক্রবার (১৭ জুলাই) আনা হয়েছে।
আজ শুক্রবারই আর্জেন্টিনা ও স্পেন দুই দলই নিউ জার্সিতে তাদের অফিসিয়াল অনুশীলন সারবে, যার প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপর দুই দলের কোচ ও খেলোয়াড়রা সাংবাদিকদের মুখোমুখি হবেন। আর ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার (১৮ জুলাই) গণমাধ্যমের কোনো ব্যস্ততা ছাড়াই দল দুটি সম্পূর্ণ নিভৃতে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।
রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন।