কুড়িগ্রাম সীমান্তে অটল বিজিবি, আটক ৩

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ ভারতীয় গাঁজা, ইয়াবা ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের বাজার মূল্য প্রায় ছয় লাখ ৭৯ হাজার সাড়ে ৪শ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনে সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন মাদক পাচারকারিকে আটক করে তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীনে অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করে বিজিবির টহলরত সদস্যরা।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব-উল-হক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।