গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠানে দলটির এক নেতার বক্তব্য শেষে 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন। এ ঘটনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) ভাইরাল ভিডিওটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
৫৮ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদিসহ একাধিক নেতা দাঁড়িয়ে আছেন। তাদের সামনে মঞ্চের এক কোনায় দলটির স্থানীয় পর্যায়ের এক নেতার বক্তব্যে বলতে শোনা যায়, আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের সাথে পাড়া মহল্লায় কথা বলেছি। আমি বেশ সারা পাচ্ছি। ইনশাআল্লাহ, জামালপুরের মানুষ একটু সহযোগিতা করেন, আমাকে চেয়ারম্যান হতে কেউ ঠেকাতে পারবে না। এই আশা বুকে নিয়ে আমি শেষ করছি-খোদা হাফেজ, জয় বাংলা। পরে বলেন সরি সরি। এই বলে মঞ্চ থেকে নেমে যান তিনি।
এসময় সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির অন্য নেতাকর্মীরা মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ভিডিওটি বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এনসিপির এক পথসভার।
জয় বাংলা স্লোগান দেওয়া ব্যক্তির নাম শফিজল ইসলাম। তিনি দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক পদে আছেন। আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ছিলেন। তাকে সাদুল্লাহপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মঞ্চে ঘোষণা দিয়ে বক্তব্য দিতে দেওয়া হয়। বক্তব্যের শেষে তিনি জয় বাংলা স্লোগান দিলে তাৎক্ষণিক সমালোচনার মুখে পড়েন।
জয় বাংলা স্লোগান দেওয়া ওই ব্যক্তি জামালপুর ইউনিয়নের বাসিন্দা। তবে তিনি বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
এসব বিষয় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।