তিস্তাসহ গাইবান্ধার সব নদীর পানি বৃদ্ধি, ভাঙন অব্যাহত

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

তিস্তাসহ গাইবান্ধার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে। সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সাত উপজেলার নিন্মাঞ্চলগুলো ডুবতে শুরু করেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় (রবিবার বিকাল ৩টা থেকে সোমবার বিকাল ৩টা পর্যন্ত) ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ২০ সেন্টিমিটার,করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৩২ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে ০৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

জেলায় গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, এরেন্ডাবাড়ি, ফজলুপুর ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া তারাপুর, হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নদী তীরবর্তী এলাকায় অন্তত ২৬টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নদ-নদীর পানি বাড়লেও আপাতত বড় বন্যার সম্ভাবনা নেই। তিনি মুঠোফোনে বলেন, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সব নদীর পানি বিপৎসীমার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভাঙন এলাকাগুলো চিহৃত করা হয়েছে। জরুরী ভিত্তিতে সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত